গোপালগঞ্জ প্রতিনিধি :
গোপালগঞ্জে শিশু ধর্ষণ মামলায় ফিরোজ সিকদার নামের এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানার রায় দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মোরশেদ আলম এই রায় ঘোষণা করেন।
মামলার বিবরণে জানা যায়, ২০২৩ সালের ১৬ ডিসেম্বর রাতে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পুইশুর এলাকায় ১৫ বছরের এক কিশোরীকে কৌশলে ডেকে নিয়ে ধর্ষণ করেন আসামি ফিরোজ সিকদার। ভুক্তভোগীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে আসামি পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার কাশিয়ানী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় প্রদান করেন।
রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী ও পিপি মো. তৌফিকুল ইসলাম জানান, এ ধরনের রায়ের মাধ্যমে দেশে শিশু নির্যাতন ও ধর্ষণ রোধে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত হবে।
Leave a Reply