কোটালীপাড়া প্রতিনিধি:
গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক সাংবাদিককে নিয়ে হিরন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন শেখের ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে। পোস্টটির নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা।
সোমবার (২৬ অক্টোবর) সকালে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে মহসিন শেখ লেখেন, “কোটালীপাড়ার এক সাংবাদিকের চুলকানি উঠেছিল। উত্তম মাধ্যম দেওয়ার পরে চুলকানি কিছুদিন কম ছিল। চুলকানির মলম নেওয়ার ব্যবস্থা নিচ্ছে।”
পোস্টটির স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সমালোচনা শুরু হয়।
এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গোপালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. জুবায়ের হোসেন বলেন, সাংবাদিকের কোনো প্রতিবেদন বা বক্তব্য নিয়ে আপত্তি থাকলে তা যুক্তি ও তথ্যের ভিত্তিতে তুলে ধরা উচিত। সাংবাদিককে হেয় করা বা হুমকিমূলক ভাষা ব্যবহার করা কাম্য নয়। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যথাযথ সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
একই পোস্টের নিন্দা জানিয়েছেন গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সেলিম রেজা ও সাধারণ সম্পাদক জয়ন্ত শিরালী। তাঁরা মহসিন শেখের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
কোটালীপাড়া সাংবাদিক ফোরামের সভাপতি ও বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের গোপালগঞ্জ জেলা ইউনিট প্রধান মনিরুজ্জামান শেখ জুয়েল বলেন, “এ ধরনের বক্তব্য স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ।” তিনি ঘটনার জন্য দায়ী ব্যক্তির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ বিষয়ে কোটালীপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুব খান বলেন, “বিষয়টি আমার জানা নেই। তবে সাংবাদিকদের নিয়ে এমন মন্তব্য করার সুযোগ নেই। বিষয়টি খতিয়ে দেখব।”
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মাসুদ তালুকদার বলেন, “আমি আপনার কাছেই বিষয়টি শুনলাম। বিষয়টির খোঁজ নিচ্ছি।”
এ বিষয়ে বক্তব্য জানতে মহসিন শেখের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ থাকায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
Leave a Reply