কাশিয়ানী প্রতিনিধি:
গোপালগঞ্জের কাশিয়ানী এম এ খালেক বিশ্ববিদ্যালয় কলেজের গভর্নিং বডির সভাপতি পদে সরদার মোঃ নূরুজ্জামানকে অপসারণ করে আব্দুস ছালাম মোল্লাকে নিয়োগ দেওয়ার আদেশ তিন মাসের জন্য স্থগিত করেছেন মহামান্য হাইকোর্ট। একই সঙ্গে ওই নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রুল জারি করেছেন আদালত।
জানা গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভাইস-চ্যান্সেলর) পূর্বে সরদার মোঃ নূরুজ্জামানকে কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে নিয়োগ দেন ১৩ এপ্রিল ২০২৬,তবে তিনি দায়িত্ব গ্রহণের আগেই তার পরিবর্তে আব্দুস ছালাম মোল্লাকে সভাপতি হিসেবে নিয়োগ দিয়ে ১৫ এপ্রিল ২০২৬ তারিখে নতুন আদেশ জারি করা হয়।
ওই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে সরদার মোঃ নূরুজ্জামান হাইকোর্টে রিট আবেদন করলে আদালত ২৬ জুলাই ২০২৬ তারিখে প্রাথমিক শুনানি শেষে আব্দুস ছালাম মোল্লার নিয়োগপত্র তিন মাসের জন্য স্থগিত করেন। পাশাপাশি এ নিয়োগ কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেন।
বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতের এ আদেশের পর সরদার মোঃ নূরুজ্জামানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, আব্দুস ছালাম মোল্লার নিয়োগপত্র স্থগিত হওয়ায় তিনি সভাপতি পদে বহাল রয়েছেন এবং আইনানুগভাবে গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।
Leave a Reply