মোঃ শান্ত শেখ :
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে বাড়িতে ঢুকে জাপান প্রবাসী বিপ্রদাস মন্ডল (২৭) নামে এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। গত ৭ অক্টোবর রাত ১১টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের বরইহাটি মন্ডল বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
আহত বিপ্রদাস ওই এলাকার বিরেন মন্ডলের ছেলে। তিনি বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। কয়েকদিনের মধ্যে তাঁর বিয়ের কথা ছিল বলে পরিবার জানিয়েছে।
এ ঘটনায় তাঁর বড় ভাই বিতুল মন্ডল টুঙ্গিপাড়া থানায় অভিযোগ করেছেন। অভিযোগে একই এলাকার অরুন মন্ডল (৪৮) ও পলাশ মন্ডল (৪০)-এর নাম উল্লেখ করা হয়েছে।
পরিবারের দাবি, দীর্ঘদিনের জমি-সংক্রান্ত বিরোধের জেরে এ হামলা চালানো হয়। আহতের বাবা বিরেন মন্ডল ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা দাবি করেছেন।
টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী জানান, এ ঘটনায় মামলা হয়েছে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply