গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জ দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ চোরাই মালামাল, নগদ টাকা এবং ইয়াবাসহ ২ আসামিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। বৃহস্পতিবার রাতে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রথমে মুকসুদপুর থানার পূর্ব মহারাজপুর এলাকার নিজ বাড়ি থেকে চান্দু শেখের ছেলে আলামিন শেখকে গ্রেফতার করে ডিবির একটি দল। তার কাছ থেকে বেশ কয়েকটি দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ চোরাই মালামাল উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে ১০টি মোবাইল ফোন, ৪টি আইপ্যাড, ৭টি ট্যাব, ৭টি লেডিস হ্যান্ডব্যাগ, ১৭টি হাতঘড়ি, বিভিন্ন দেশের বিভিন্ন মানের ৭৭ টি মুদ্রা ও নগদ ১ লাখ ৭৯ হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলামিন স্বীকার করেছে, সে দীর্ঘদিন ধরে ঢাকা শহরের বিমানবন্দর ও অন্যান্য এলাকায় ছিনতাই ও চুরি কার্যক্রমে জড়িত। তার বিরুদ্ধে পূর্বেও ডাকাতি ও মাদকসহ ৬টি মামলা রয়েছে।
এদিকে অপর একটি অভিযানে ডিবির আরেকটি চৌকস দল মুকসুদপুর থানার হরিশ্চর এলাকায় অভিযান চালিয়ে ৮০০ পিস ইয়াবা ও ২ লাখ ৪০ হাজার টাকাসহ মাকসুদা বেগম এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। সকল আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক মামলা রুজু করা হচ্ছে বলে জানান পুলিশ সুপার।
Leave a Reply