গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সন্তানদের নিয়ে ঘুমিয়ে থাকা গৃহবধূকে হাত-পা বেঁধে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া সোহাগ গাজীকে যুবদলের নেতা হিসেবে প্রচারের তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, গোপালগঞ্জ জেলা শাখা। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, অভিযুক্ত ব্যক্তির সাথে যুবদলের দূরতম কোনো সম্পর্ক নেই।
শনিবার দুপুরে গোপালগঞ্জ প্রেস ক্লাবে জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিটন এবং সাধারণ সম্পাদক মোঃ রাসেলুজ্জামান পলাশ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই অবস্থান স্পষ্ট করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি টুঙ্গিপাড়ার একটি ফাঁকা বাড়িতে হাত-পা বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। এই ঘটনায় অভিযুক্ত সোহাগ গাজীকে পাটগাতী ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি বলে বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও টেলিভিশনে সংবাদ প্রচার করা হয়েছে। তবে গোপালগঞ্জ জেলা যুবদলের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, অভিযুক্ত সোহাগ গাজী জেলা, থানা, ইউনিয়ন কিংবা ওয়ার্ড পর্যায়ের কোনো যুবদল কমিটির সাথে জড়িত নন এবং যুবদল তাকে চেনে না।
যুবদল নেতৃবৃন্দ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ওই ব্যক্তির সর্বোচ্চ শাস্তির দাবি জানান। তাঁরা অভিযোগ করেন, একটি মহল সারাদেশে যুবদলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এই ধরনের অপপ্রচার চালাচ্ছে।
একই সাথে সাংবাদিক ভাই-বোনদের প্রতি আহ্বান জানিয়ে যুবদল নেতারা অনুরোধ করেন, কোনো সংবাদ প্রচারের আগে সত্যতা যথাযথভাবে যাচাই করে প্রকাশ করার জন্য।
Leave a Reply