1. gopalganjkantho@gmail.com : Salim Reza : Salim Reza
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় প্রান্তিক পোল্ট্রি খামারিদের অধিকার ও ছয় দফা দাবি নিয়ে আলোচনা গোপালগঞ্জে দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ চোরাই মালামাল, নগদ টাকা এবং ইয়াবাসহ ২ আসামি গ্রেফতার ​গোপালগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের জমি দখলের অভিযোগ: দুলাল বাগচির বিরুদ্ধে এজাহার দায়ের গোপালগঞ্জ চক্ষু হাসপাতালে সেবা নিয়েছেন ১৫ লক্ষাধিক রোগী গোপালগঞ্জের সাভানা পার্কে ১৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪ এবং ৬ মাসের কারাদণ্ড গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ হরিদাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ার‌ম্যান হতে চান জামিল ১২ বছর পূর্তিতে ইমাদ পরিবহনের জমকালো অনুষ্ঠান ​জে কে পলিমারের পৃষ্ঠপোষকতায় বদলে যাচ্ছে গোপালগঞ্জের ক্রীড়াঙ্গন টুঙ্গিপাড়ায় বাশুড়িয়া সেনেরচর উচ্চ বিদ্যালয়ের ভবন বেহাল: আতঙ্কে শিক্ষার্থীরা, দ্রুত সংস্কারের দাবি

কোটালীপাড়ায় ১৫ দিনেই নতুন সড়কে ধস

  • Update Time : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ১১১ জন সংবাদটি পড়েছেন।

কোটালীপাড়া প্রতিনিধি :

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার শিকিরবাজার স্কাউট ভবন থেকে পূর্ব চিত্রাপাড়া সড়কের রক্ষণাবেক্ষণ কাজ শেষ হওয়ার মাত্র ১৫ দিনের মাথায় বিভিন্ন স্থানে ধস ও ভাঙন দেখা দিয়েছে। বৃহস্পতিবার রাতের বৃষ্টির পর সড়কের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় এর নির্মাণমান নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের অভিযোগ, রক্ষণাবেক্ষণ কাজের শুরু থেকেই বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠলেও ঠিকাদারি প্রতিষ্ঠান তা আমলে না নিয়ে নিম্নমানের কাজ চালিয়ে যায়। বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি তাদের।
অভিযোগ রয়েছে, কার্পেটিংয়ের তিন থেকে চার দিনের মধ্যেই বিভিন্ন স্থানে হাতের স্পর্শে পিচ উঠে যেতে শুরু করে। স্থানীয়রা সেই দৃশ্য ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করলে তা ব্যাপক আলোচনার সৃষ্টি করে। পরবর্তীতে বিষয়টি নিয়ে আমার দেশসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।
শুক্রবার দুপুরে সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন স্থানে ধস নেমেছে। কোথাও কার্পেটিং ভেঙে উঠে গেছে, কোথাও ইট সরে গেছে। রাস্তার দুই পাশের শোল্ডারে দেওয়া মাটির বড় অংশ বৃষ্টির পানিতে ধুয়ে গেছে।
সড়কের পাশের বাসিন্দা ও ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি গিয়াস উদ্দিন বলেন, “শুরু থেকেই এই সড়কের কাজে ব্যাপক অনিয়ম হয়েছে। এলাকাবাসী অভিযোগ করলে উল্টো তাদের ভয়ভীতি দেখানো হয়েছে। আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছি, কিন্তু দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। যেখানে অনিয়মের তদন্ত হওয়ার কথা, সেখানে একজন সাংবাদিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আমরা এই মামলার প্রত্যাহার, কাজের উচ্চতর তদন্ত এবং বুয়েট বা কুয়েটের মাধ্যমে নির্মাণসামগ্রীর ল্যাব টেস্টের দাবি জানাই।”
স্থানীয়দের অভিযোগ, প্রকল্পের নকশা অনুযায়ী রাস্তার দুই পাশে প্রায় তিন ফুট প্রশস্ত মাটির শোল্ডার নির্মাণের কথা থাকলেও অধিকাংশ স্থানে তা করা হয়নি। এছাড়া এজিংয়ের কাজে পুরোনো ও নিম্নমানের ইট ব্যবহার করা হয়েছে। কার্পেটিংয়ের আগে প্রয়োজনীয় প্রাইম কোট ও ট্যাক কোট যথাযথভাবে প্রয়োগ না করায় এবং বিটুমিনাস কার্পেটিংয়ে মান বজায় না রাখায় অল্প সময়ের মধ্যেই বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে যেতে শুরু করে। তারা নতুন করে সড়কটির কার্পেটিং, অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলের দাবি জানিয়েছেন।
এদিকে, কাজের অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের পর ঠিকাদারি প্রতিষ্ঠান জাকাউল্লাহ অ্যান্ড ব্রাদার্স লিমিটেডের স্থানীয় প্রতিনিধি ইয়াসিন হোসেন ৬ জুলাই আমার দেশ পত্রিকার কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি মনিরুজ্জামান শেখ জুয়েলের বিরুদ্ধে আদালতে চাঁদাবাজির অভিযোগে একটি মামলা দায়ের করেছেন। সাংবাদিকের দাবি, মামলাটি মিথ্যা, ভিত্তিহীন এবং অনিয়মের বিষয় থেকে দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার উদ্দেশ্যে করা হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে জাকাউল্লাহ অ্যান্ড ব্রাদার্স লিমিটেডের স্থানীয় প্রতিনিধি ইয়াসিন হোসেনের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা হক বলেন, সড়ক নির্মাণে অনিয়মের বিষয়ে লিখিত অভিযোগ পাওয়ার পর তদন্তের জন্য এলজিইডিকে বলা হয়েছে। বিষয়টি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমেও এসেছে। উপজেলা প্রকৌশলী বর্তমানে ছুটিতে রয়েছেন। তিনি যোগদান করলে তদন্তের অগ্রগতি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ‘গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প (দ্বিতীয় পর্যায়)‘-এর আওতায় প্রায় ৭৪ লাখ ৬৭ হাজার ৩০১ টাকা ব্যয়ে ১ হাজার ২৬৫ মিটার দীর্ঘ শিকিরবাজার স্কাউট ভবন থেকে পূর্ব চিত্রাপাড়া পর্যন্ত সড়কের রক্ষণাবেক্ষণ কাজের কার্যাদেশ পায় জাকাউল্লাহ অ্যান্ড ব্রাদার্স লিমিটেড। প্রতিষ্ঠানটির স্থানীয় প্রতিনিধি হিসেবে কাজটি বাস্তবায়ন করছেন ইয়াসিন হোসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022-2025
Developed By GOPALGANJ SOMOY